July 9, 2026, 3:56 pm

৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি আটক

Reporter Name
  • আপডেট Sunday, November 9, 2025
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসসহ পাঁচ কারবারিকে আটক করা হয়। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাবের সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব-৭ এর একটি দল পটিয়ার মোজাফফরাবাদ কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়।
এসময় সন্দেহভাজন দুটি মাইক্রোবাস সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা যাত্রীরা দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে একটি মাইক্রোবাস আটক করে। এরপর ভেতরে থাকা লক্ষীপুর সদর থানার পাটোয়ারী বাড়ির আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগরের রসুলপুর গ্রামের ফিরোজের ছেলে মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়া পৌরসভার হাবিবুর পাড়ার আবদুল হামিদের ছেলে মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার কাগজীপাড়া আল্লাই এলাকার সিদ্দিক আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুরের সরিষাবাড়ী থানার আবদুস সামাদ তরফদারের ছেলে মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)-কে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তল্লাশিকালে প্রথম অভিযুক্তের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ির আসনের নিচ থেকে দুই লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। পরে আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অপর একটি মাইক্রোবাসের ভেতর রাখা ব্যাগের ভেতর ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, র‍্যাব সবসময় মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর