নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুবলীগ। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল মোনাজাত করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ।এর আগে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।