স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের পরিচিত খাবার প্রতিষ্ঠান হাজী/নান্না বিরিয়ানি হাউজ–কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মাংস–সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়, যা নিয়ে সমালোচনার তীব্রতা বাড়তে থাকে।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসেম আলী জানান, বহু বছর ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। তার ভাষায়, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমার প্রতিষ্ঠানের শক্তি। একটি চক্র আমার সফলতা ও জনপ্রিয়তাকে হিংসা করে মিথ্যা ভিডিও ছড়িয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সত্যতা প্রমাণের লক্ষ্যেই তিনি প্রকাশ্যে ভালো মানের গরু জবাই করে এলাকাবাসীকে দেখান ব্যবহৃত মাংসের মান, সততা ও নিরাপত্তা।
উপস্থিত লোকজনের সামনে তিনি নিশ্চিত করেন যে হাজি/নান্না বিরিয়ানি হাউজে ব্যবহৃত প্রতিটি মাংস সম্পূর্ণ তাজা, মানসম্মত এবং ভোক্তাবান্ধব। এলাকাবাসীর অনেকেই জানান, এই প্রতিষ্ঠান বহু বছর ধরে মানসম্মত খাবার পরিবেশন করে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে। তাদের মতে, ভিডিওটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। হাসেম আলী বলেন, আমি সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। তাই সত্য প্রকাশের জন্যই সবাইকে সামনে রেখে আজ গরু জবাই করেছি।