July 9, 2026, 6:22 pm

সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর তরুণীর ব্যাগবন্দি লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, October 15, 2025
  • 69 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর লাশ ব্যাগের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ সংলগ্ন ঝোপ থেকে কসটেপে মোড়ানো ব্যাগবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। পরে নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় শনাক্ত করেন। সায়মার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার দয়াল নগর গ্রামে। তিনি স্থানীয় আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতা বার্গার কিং রেস্টুরেন্টে কাজ করতেন।
পরিবারের বরাতে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার পর থেকেই সায়মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। বিকেলে স্থানীয়রা কাইকারটেক ব্রীজের পাশে একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর ব্যাগ খুলে তরুণীর লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মামা খোকন শেখ সাগর অভিযোগ করেন, দুই বছর আগে সায়মা কুমিল্লার রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। পারিবারিক অমতের কারণে তারা আলাদা বাসা নিয়ে থাকছিলেন। তার দাবি, রায়হানই সায়মাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ব্যাগে ভরে ফেলে গেছে। রায়হানকে আটক করতে পারলেই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।
সোনারগাঁ থানার পরিদর্শক মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর