আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের শেষ মুহুর্তে চলছে প্রচার প্রচারণা ও গণসংযোগ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচার প্রচারণায় মুখুরিত হয়ে উঠছে পুরো শহর। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা দলীয় প্রার্থী এড. আজমত উল্লা খানের নৌকা মার্কার পক্ষে ভোট যাচ্ছেন এবং নিজ প্রতীকের জন্য ভোট চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রাথী আজমত উল্লাহ খানের পক্ষে দলীয় কাউন্সিলর প্রার্থী ছাড়াও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় নৌকা প্রতীকে ভোট চাইছেন। আজ শুক্রবার টঙ্গী বাজার বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করে মধুমিতা মেঘা সিটি, জামাই বাজার শ্যামল মার্কেট, সালামের আটারকল, ঝিনু মার্কেট, পশ্চিম গোলাপুর, টিএনটি মরকুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মরকুন কবরস্থান, শিলমুন, স্টেশন গোল চত্বর, তিস্তারগেট, হাজী মার্কেট, বনমালা স্কুল মাঠ, দত্তপাড়া, লেদু মোল্লা রোড, এরশাদনগর, টেক পাড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড, গাজীপুরা প্রাথমিক বিদ্যালয়, শিকদার মার্কেটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় এড. আজমত উল্লা খান বলেন, আমি মেয়র নির্বাচিত হলে জিসিসির প্রতিটি ওয়ার্ড কমিশনার ও জিসিসির বিভিন্ন বিভাগের নির্বাহীগণও প্রতি মাসে জনতার মুখোমুখি হবেন। নগর ভবন সকল নগরবাসীর জন্য উন্মুক্ত থাকবে। ওয়ান স্টপ সেবা প্রদান করা হবে। নগরীর উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
এছাড়াও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খানের পক্ষ আজ শুক্রবার গণসংযোগ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাথিয়া খাতুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসি খান, টম্পা মুস্তাফিজ, নিলিমা আক্তার লিলি, নাজমা হোসেন, হাজী শিরিন শহীদ প্রমুখ।
অপরদিকে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গাজীপুর মহানগরীর ১৯নং ওয়ার্ড সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি জুম্মার নামাজ শেষে কর্মী ও সমর্থকদের নিয়ে মহানগরের হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় (হাতি মার্কায়) ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, শিক্ষিত-মার্জিত তরুণ নেতৃত্ব এলেই যারা সমাজকে কলুষিত করছে, তারা ধীরে ধীরে পেছনে চলে যাবে। আমি নির্বাচিত হই আর না হই, সারাজীবন মানুষের পাশে থাকব— ইনশাআল্লাহ।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মূল সমস্যা হচ্ছে— ধুলাবালি ও ময়লা আবর্জনা। আমার প্রথম উদ্যোগই থাকবে মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে সেই অবস্থাটা ফিরিয়ে আনা। আমি ৪-৫ বছর সুইডেন, ডেনমার্কের মতো দেশে ছিলাম। আমি দেখেছি, তারা তাদের দেশটাকে কীভাবে সুন্দর ও পরিষ্কার-পরিছন্ন করে রাখে। এর জন্য আমাদের সিটির ৪০ লাখ মানুষকে সচেতন করতে হবে।
অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন মহানগরের ছয়দানা (মালেকের বাড়ী) এলাকায় (টেবিল ঘড়ি) প্রতীকের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, জনগণ যাকে ভোট দিবে রায়টা যেন তার পক্ষেই আসে। তা না হলে এ ভোটের ফলাফল জনগণ প্রত্যাখ্যান করবে।