July 10, 2026, 7:51 pm

সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 14 জন দেখেছে

বরিশাল প্রতিনিধি:: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এ কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।’ আজ শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।’ আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয় জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়াও বটে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটতে হবে।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তিনি বললেন, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। সভায় বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যগন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর