নিজস্ব প্রতিবেদক:: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইকবাল বাহার সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।
তাকে হেফাজতে নেওয়ার বিষয়ে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ইকবাল বাহার ডিবি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা রয়েছে। তবে ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা- সে বিষয়ে নিশ্চিত করেননি নাসিরুল ইসলাম।
জানা গেছে, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময় প্রভাববিস্তার, বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২৬ এপ্রিল তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। পরে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।