July 9, 2026, 5:04 pm

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, December 16, 2024
  • 74 জন দেখেছে

সাতক্ষীরায় যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধারা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রথম পর্বের শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এদিন সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা।
এদিন বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে আয়োজন করা হয় লাল দল বনাম সবুজ দলের প্রীতি ফুটবল ম্যাচ। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়, যা দিনটিকে আরও উৎসবমুখর করে তোলে।
বিজয় দিবসের এই আয়োজন বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনেই অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যা জাতির জন্য অমর স্মৃতি হয়ে থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর