নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুয়েমীর কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, মুফতি আবদুল আহাদ, হাফেজ ওবায়দুল্লাহ বরকত, হাজী আব্দুশ শাকুর, মুফতী শওকত উসমান, ইউসুফ পিয়াস।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার দুর্নীতি করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। যেকোনো সময় দেশ ভয়াবহ সংকটে নিপতিত হবে। ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর বিকল্প দেশবাসী মানবে না। সংগঠনের থানা সভাপতি হাজী মো. জয়নাল আবদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন হাকীম আনোয়ার হোসেন, হাজী মাসুমবিল্লাহ, যুবনেতা শফিকুল ইসলাম প্রমুখ।