July 8, 2026, 4:48 pm

সফিপুরে আইডিয়াল উন্মুক্ত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, November 7, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’-এই স্লোগানকে উপজীব্য করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অনুষ্ঠিত হয়েছে আইডিয়াল উন্মুক্ত গণিত অলিম্পিয়াড ২০২৫। শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, লেখক ও শিক্ষক অমূল্য সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস. রাম প্রসাদ বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জি. বারেক তারেক। অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র- এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাসুদ রানা বলেন, ‘প্রথম আলো সবসময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করে আসছে। এই ধরনের গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে প্রথম আলোর উদ্যোগে গণিত অলিম্পিয়াডে তোমরা অংশ নিতে পারো, সেখানে তোমাদের সুযোগ সৃষ্টি ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
ফারদিন ফেরদৌস বলেন, ‘গণিত মানে শুধু যোগ-বিয়োগ, গুণ-ভাগ নয়, এটি চিন্তার ব্যায়াম। যেমন আমরা শরীরচর্চা করি, তেমনি গণিতচর্চা হলো মস্তিষ্কচর্চা। প্রতিটি সমস্যা একেকটা ধাঁধা, আর প্রতিটি সমাধান একেকটা বিজয়। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে পারলেই সেটিই হবে সবচেয়ে বড় অর্জন।’
মো. হাবিবুর রহমান বলেন, ‘এই ধরনের সৃজনশীল ও প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করবে, তাদের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে আরও প্রসারিত করবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী গণিতকে ভালোবাসুক, সেটিকে জীবনের অংশ করে তুলুক। ভবিষ্যতে এ আয়োজনকে আরও বড় পরিসরে জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।’
এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করবে এবং আগামী প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথে আরও অনুপ্রাণিত করবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর