নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা শিক্ষক হেনস্তার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গতকাল বুধবার মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যক্ষ মো. হেফজুর রহমান বলেন, গত মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। পরে মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন শিক্ষক আহত হন। পরে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র সংসদের অনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষকদের প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ করেন।
এ ঘটনায় প্রতিবাদে বুধবার সকাল থেকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। শিশু থেকে কামিল পর্যন্ত সব পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে নির্ধারিত অন্যান্য কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।