নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: শান্তি সমাবেশ শেষে ফেরার পথে মতিঝিলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজন যুবলীগের কর্মী ও পথচারী রয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ডিএমপি মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। আমরা কয়েকজনকে আহত পেয়েছি। একজন নিহত হয়েছেন বলে শুনেছি।’
এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। এতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।
ঢাকা মেডিকেলে আহত অন্তত চারজনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। আহতের মধ্যে দুজন রাজমিস্ত্রির কাজ করেন, একজন ছাত্র এবং একজন যুবলীগ কর্মী। আহতদের সঙ্গে আসা ব্যক্তিবর্গের সঙ্গে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জের সংসদ সদস্য কামরুল ইসলামের অনুসারী ও উপজেলা চেয়ারম্যান শাহীন খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এর সূত্রপাত হয়েছিল সমাবেশ চলার সময়ই।