স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত গাজীপুর মহানগরের বাসন থানার ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা শহীদ নূর আলমের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। তিনি বক্তব্যে শহীদ নূর আলমের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, তৌকির আহমেদ, লিটন মৃধাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা শেষে শহীদ নূর আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।