October 9, 2026, 12:22 pm

রাজশাহীর নানা খাতে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া

Reporter Name
  • আপডেট Wednesday, June 5, 2024
  • 116 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। আজ বুধবার (৫ জুন) বিকেল ৩টায় নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে তাঁদের মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে রাজশাহীর কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ আগ্রহ দেখিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। এ জন্য মেয়র তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হরু হারতান্তো সুবোলো বলেন, ইন্দোনেশিয়ায় উন্নতমানের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ইন্দোনেশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজশাহীর শিক্ষার্থীদের এক বছর মেয়াদি স্কলারশিপ এবং আর্ট এন্ড কালচারাল ক্ষেত্রে তিন মাস মেয়াদি স্কলারশিপ প্রদানের মাধ্যমে উভয় দেশের জ্ঞান ও সংস্কৃতি বিনিময় করতে চান। এছাড়া রাজশাহী যেহেতু কৃষিপ্রধান অঞ্চল, তাই এ অঞ্চলের উৎপাদিত পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী তারা।
বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘ইন্দোনেশিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে। বৈঠককালে তিনি রাজশাহীর সঙ্গে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন ইত্যাদি খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। সোলার প্লান্ট স্থাপন, শিক্ষার্থীদের স্কলারশিপ ও ট্যুরিজমের কোন কোন ক্ষেত্রে কাজ করা যায়, সেটি আমরা রাষ্ট্রদূতকে সুর্নিদিষ্টভাবে লিখিতভাবে জানাব।’
তিনি বলেন, ‘রাজশাহী কৃষি প্রধান অঞ্চল। কৃষিপণ্যভিত্তিক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শিক্ষানগরী রাজশাহীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানকার শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আগ্রহী। এটি চালু হলে জ্ঞান বিনিময়ে উভয় দেশ লাভবান হবে।’
বৈঠকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ আব্দুল মমিন, ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর