May 25, 2026, 11:10 am

রাজশাহীতে গোলাম আরিফ টিপুকে বিনম্র শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, March 16, 2024
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় জানিয়েছে রাজশাহীবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টিপুর শৈশবের স্মৃতি বিজড়িত রাজশাহী কলেজ চত্বরে নেয়া হয় মরদেহ। সেখানে শহিদ মিনারের সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরপর তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। এছাড়াও ভাষা সৈনিক মোশারফ হোসেন আখঞ্জিসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গোলাম আরিফ টিপুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন। তিনি শুধু রাজশাহীর নয়, সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
পরে সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ডা: তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। এর আগে গোলাম আরিফ টিপুর মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। সকালে রানীহাটি ঈদগা মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর