নিজস্ব প্রতিবেদক :: ঘোষিত সপ্তম দফার অবরোধের প্রথম দিনে আজ রোববার রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মহানগর উত্তরের ৮ স্থানে ও দক্ষিণের ৫ স্থানে এসব মিছিল হয়। এ সময় জামায়াতের ১১ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানায় দলটি।
মহানগর দক্ষিণের বেইলী রোড, খিলগাঁও-বনশ্রীত, ধোলাইপাড়, সদরঘাটের শ্যামবাজার ও ধানমন্ডিতে মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। ধোলাইপাড়ে সড়ক অবরোধকালে দলটির ৪ নেতাকর্মীকে পুলিশের আটক করে বলে অভিযোগ করে জামায়াত।
বেইলী রোডের বিক্ষোভের নেতৃত্ব দেন জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। অন্যদিকে মিরপুর-২ নাম্বারে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
মহানগর উত্তরের মিরপুর-২, কাজীপাড়ায়, দক্ষিণখান, পল্লবী, মিরপুর-১০, হাতিরঝিল, রামপুরায়, মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। হাতিরঝিল থেকে ৭ জনকে পুলিশ আটক করেছে বলে জানায় দলটি। এর মধ্যে ২ জন পথচারী, ১ জন আইনজীবী ও ১ জন মিডিয়া কর্মী রয়েছে বলেও জানায় জামায়াত।