নিজস্ব প্রতিবেদক :: চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানীর পৃথক স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিল থানাধীন নটর ডেম কলেজের সামনে এবং ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দুটি যাত্রীবাহী আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনেই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ৭ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণ করে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি কোন কোম্পানির সেটি জানা যায়নি।
তিনি বলেন, রাত ৮টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে রাত ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণ করে। বাসে আগুন দেওয়ার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।