July 9, 2026, 12:17 pm

যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Saturday, April 12, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিভিন্ন ফোরামে ইমাম-খতিবদের কথা বলার যে সুযোগ রয়েছে, তা কাজে লাগাতে হবে। আজ শনিবার (১২ এপ্রিল) এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে মুসলিম নিকাহ রেজিস্টারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাল্যবিবাহ নিরোধকল্পে কাজী কনের স্থায়ী ঠিকানার বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশনের বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ফোরাম।
ধর্ম উপদেষ্টা বলেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ, সমাজের অভিশাপ। এরূপ শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদের কথা বলতে হবে। খতিব, ইমাম কিংবা কাজীদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগ যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্টার ফোরামের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রশিদ দিতে হবে। তিনি নিকাহ রেজিস্টারদের সরকারি বিধি মোতাবেক ফি আদায়ের অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান।
চট্টগ্রাম যুগ যুগ ধরে অবহেলিত উল্লেখ করে ড. খালিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিবছর এই সড়কে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। তিনি এই সড়কের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান। ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীসহ ফোরামের নেতারা।
সভায় ফোরামের নেতারা বাল্যবিবাহ বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার সুপারিশ বাতিল এবং বিবাহ নিবন্ধনে বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নিকাহ রেজিস্টাররা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর