June 4, 2026, 8:39 am

রাজধানীর মোহাম্মদপুরে নৃশংস হত্যাকাণ্ড: সিসিটিভিতে সন্দেহভাজন তরুণীর রহস্যজনক বের হওয়া

Reporter Name
  • আপডেট Monday, December 8, 2025
  • 54 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি:: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় মা ও কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুইজন হলেন গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
ঘটনার পর ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিও দৃশ্যে দেখা যায়, সকাল আনুমানিক ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার-কামিজ, প্রিন্ট করা ওড়না ও কেডস পরে মুখে মাস্ক লাগানো এক তরুণী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তার কাঁধে ঝোলানো ছিল একটি ব্যাগ। নিচে গেটের কাছে বসে থাকা তিনজনের একজন উঠে দাঁড়িয়ে তাকে বেরিয়ে যেতে সাহায্য করে। পরে ওই তরুণী একটি অটোরিকশায় উঠে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণী নিহতদের বাসায় কর্মরত গৃহকর্মী হতে পারে। সন্দেহ করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটানোর পর সে নাফিসার পোশাক পরেই বাসা থেকে বেরিয়ে যায়।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে কাজে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে তিনি ফিরে এসে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে সময় নাফিসাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লায়লা আফরোজের নিথর দেহ উদ্ধার করে। মেয়েটিকে এর আগেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দ্রুত সেখানে ভিড় জমান স্বজন ও প্রতিবেশীরা। তাদের অনেকেই অভিযোগ করেন, গৃহকর্মী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর