নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে চালু করা হলো মেঘনা সেতুর টোল প্লাজা-২। শনিবার (৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টোল প্লাজা উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনের পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেঘনা টোল এলাকায় নতুন করে স্থাপিত ছয়টি ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতির কাউন্টারগুলো।
এ সময় এখানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ প্রমুখ। টোল প্লাজা উদ্ধোধন শেষে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান, এ পথে যানজট ও যাত্রা ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার গতবারের চেয়ে আরো স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে।