নিজস্ব প্রতিবেদক:: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেটি ছিল না। সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটা নিশ্চিত করা হবে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হল নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে। তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীর নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। ইতঃপূর্বে ভোটার তালিকার তথ্যে নানা সমালোচনা ছিল। এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করার কাজ করা হচ্ছে।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।