July 6, 2026, 5:06 pm

মওলানা ভাসানীকে বাদ দিয়ে রাজনৈতিক ইতিহাস লেখা সম্ভব নয়: ফখরুল

Reporter Name
  • আপডেট Friday, December 12, 2025
  • 183 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম বাদ দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস লেখা সম্ভব নয়। তিনি একটা বৈচিত্র্যময় রাজনৈতিক চরিত্রের অধিকারী।
তিনি বলেন, মওলানা ভাসানীর ওপর আরও বিশদ পড়াশোনা এবং গবেষণা প্রয়োজন। আমরা যখন মওলানা ভাসানী সমন্ধে কথা বলি, তখন যেন জেনেশুনে বলি। কারণ এই মানুষটা একটা কিংবদন্তী, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান।
বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ইউনিক, যেটা শুধু দেশের মানুষের নয়, এই উপমহাদেশেই সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ দর্শন। তিনি বলতেন ধর্ম-কর্ম সমাজতন্ত্র। ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কোনো বিভেদ দেখেননি। তিনি এই দুটোকে একসঙ্গে করতে চেয়েছেন। বিশেষ করে তিনি বলেছেন ইসলামের সঙ্গে বৈষম্যহীন সমাজের পার্থক্য খুব বেশি নেই।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছি। ১৬ বছর আমরা একসঙ্গে লড়াই করেছি। আমরা একসঙ্গেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি -ইনশাল্লাহ করব। আমাদের যে কমিটমেন্ট আছে, নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব, সেই বিষয়ে আমাদের শক্তিশালী কমিটমেন্ট রয়েছে। আমরা বিশ্বাস করি দেশের মানুষ গণতন্ত্রের পক্ষেরই রায় দেবেন। দেশের মানুষ লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবেন। এখানে উগ্রতার কোনো স্থান নেই। উগ্রতার স্থান থাকবে না।
ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুজিবুল হক নান্নু, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর