July 9, 2026, 4:28 pm

ভোটার আনবে প্রার্থীরা, পরিবেশের দায়িত্ব আমাদের : ইসি রাশেদা

Reporter Name
  • আপডেট Friday, December 22, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভোটারদের (ভোটকেন্দ্রে) আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। পাবনায়  আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ড, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসনসহ যারা আছেন তারা বলেছেন, এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরো উন্নতি হবে।
এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যারা (পুলিশ প্রশাসন) কথা দিয়েছেন, আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু ও সুন্দর ভোট হবে।’ পাবনায় প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমাদের ১২ শ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নিয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, এটা করে যাচ্ছি এবং করে যাব।’
ভোটারদের ভোট দেওয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারদের আমি বলব, আপানারা ভোটে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার।
আপনার অধিকার আপনি প্রয়োগে সচেষ্ট থাকেন। আন্তরিকতা নিয়ে আসেন। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা বজায় থাকবে এবং আরো উন্নত হবে। আপনি নির্ভয়ে আসেন। আমরা আপনাদের ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু আইন করেছি। কেউ আপনাকে বাধা দিলে, হুমকি দিলে আপনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনলে অবশ্যই তারা তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।’
ভোটার উপস্থিতি না হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা নেই, কারণ আমরা বিশ্বাস করি ভোটাররা আসবে। আমরা আশাবাদী, মানুষ আশাবাদীর দলে থাকবে। আসবে না এ কথা আমি আগেই মাথায় নেব না। আমরা আশাবাদী, অবশ্যই (ভোটাররা) আসবে ইনশাআল্লাহ।’
ভোটে সাংবাদিকদের বাধা-হুমকি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আগে আপনাদের (সাংবাদিক) নিরাপত্তার বিষয়ে কিছুই বলা ছিল না। আমরা কিন্তু আইন সংশোধন করেছি। আর বলেছি, যদি আপনাদের কেউ ভয়ভীতি দেখায়, হুমকি দেয়, আপনাদের সরঞ্জাম যদি কেউ কেড়ে নেয়, তাহলে এটাও অপরাধের মধ্যে আসবে এবং শাস্তি পাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা মাঠে কাজ করবে, তাদের নজরে আনবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা (শাস্তি) হয়ে যাবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর