মো: আক্তার ডালি:: “মানুষ মানুষের জন্য”—এই মানবকল্যাণের চেতনা ধারণ করেই বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের টঙ্গী পূর্ব থানা শাখার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা শাখার সভাপতি মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোঃ শাহীন, যিনি মানবসেবার বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহীন বলেন, “মানবতার কল্যাণে কাজ করতে হলে আন্তরিকতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। সমাজের অসহায়, দুঃখী ও বিপদগ্রস্ত মানুষের জন্য আমাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।” তিনি মাঠপর্যায়ে মানবিক উদ্যোগ জোরদার এবং যুবসম্প্রদায়কে বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, রোগীদের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ নানা উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যারা ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে পরবর্তী কার্যক্রম পরিকল্পনা ও বিভিন্ন কমিটির কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।