October 9, 2026, 12:20 pm

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • আপডেট Wednesday, June 5, 2024
  • 104 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: যুগোপযোগী শিক্ষা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার বঙ্গভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম পৃথকভাবে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আনুষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের প্রতিও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এ সময় রাবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার একটি কপি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাষ্ট্রপতি। আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য রাবির সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ জানান উপাচার্য।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের উন্মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীরা যাতে সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বের নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে শিক্ষা কার্যক্রমকে সেভাবে সাজাতে হবে।
রাষ্ট্রপ্রধান বলেন, গবেষণার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগতমানকে অগ্রাধিকার দিতে হবে। এই গবেষণার সুফল যাতে সকলের দ্বারে পৌঁছানো যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষা কার্যক্রম সাজানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনেরও মতামতের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর