স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বিশ্বকাপের আগে কোনো এক সময় হলে এ ম্যাচ নিয়ে খুব একটা মাথা ঘামানোর কিছু ছিল না। এমন কি টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচ হলেও না। কিন্তু বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ দিকে এসে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ওয়াংখেড়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ ক্রিকেটে এরই মধ্যে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। সর্বাধিকবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলার ভাগ্য এখনো ঝুলে আছে। আজই তাদের শেষ চারে খেলার টিকিট নিশ্চিত হতে পারে। আবার আরো বেশি ঝুলে যেতে পারে। সে তুলনায় একটু পিছিয়ে আফগানিস্তান। আজকের জয় তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করবে। হারলে সম্ভাবনা অনেকটা কমে যাবে। সাত ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ পয়েন্ট। ভারত ও দক্ষিণ আফ্রিকার পরেই তাদের স্থান। অন্যদিকে আফগানিস্তানের পয়েন্ট ৮। তারা রয়েছে ষষ্ঠ স্থানে।