July 9, 2026, 2:52 pm

বিদ্যুৎ খাতে সরকারের ভুলনীতি ও দুর্নীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে: এবি পার্টি

Reporter Name
  • আপডেট Saturday, February 24, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রমজানের দুই সপ্তাহ আগে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও বন্ধের দাবি জানিয়েছে দলটি। এবি পার্টি মনে করে, বিদ্যুৎ খাতে সরকারের ভুলনীতি ও দুর্নীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আজ শনিবার বিকালে দলের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, ভুলনীতি ও কমিশনভোগীদের সুযোগ দেওয়ায় বিদ্যুৎ খাতে বড় আর্থিক সংকট তৈরি হয়েছে, যা সরকারের নিজস্ব মূল্যায়ন প্রতিবেদনেও এসেছে। দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে গত দুই যুগ থেকে।
ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মন্তব্য যোগ করে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ব্রিফিং শেষ করেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
ব্রিফিংয়ে বলা হয়, বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিম্ন ও মধ্যবিত্তের মাসের খরচ, উৎপাদন খরচসহ সব খাতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে। সাধারণ মানুষকে কম খেয়ে বেঁচে থাকতে হবে। গত বছর বাংলাদেশের সরকারি একটি গবেষণায় বলা হয়েছে, বিদ্যুৎ খাতে অপচুক্তি, ভুল নীতি এবং দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকা ‘ডলারে’ গচ্ছা চলে গেছে যার পরিমাণ ন্যূনতম ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকা বা ৯ বিলিয়ন ডলারেরও বেশি। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে ভাড়া দেওয়া বা ক্যাপাসিটি চার্জ দেওয়াকে ‘লুটেরা মডেল’ বলেও বর্ণনা করা হয়েছে ওই প্রতিবেদনে। মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কারিগরি জ্ঞানহীন, অভিজ্ঞতাহীন একদল দুর্নীতিপরায়ণ ব্যবস্থাপকদের কারণে বাংলাদেশের বিদ্যুৎ খাত অযোগ্য (মূলত ভারতীয় ও চীনা) সরবরাহকারীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে।’ পরবর্তীতে প্রতিবেদন তৈরি করা সেই দুই কর্মকর্তাকে সরকার সাময়িক বরখাস্ত করে।
সিপিডি ও টিআইবিসহ দেশের জ্বালানি বিশেষজ্ঞরা বারবার বলেছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, অদক্ষতা ও প্রক্রিয়াগত দুর্বলতার কারণে ভর্তুকি বাড়ছে আর সেই বাড়তি ভর্তুকির দায় নিতে হচ্ছে জনগণকে। বাংলাদেশের সরকার ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি’ নামে একটি আইন করে, যা জ্বালানি খাতের ‘দায়মুক্তি আইন’ বলে পরিচিত। এই আইনের ফলে বিদ্যুৎ খাতে লোকসান আরও বাড়ছে, কিন্তু বাতিল করবার বদলে অনির্বাচিত সংসদ এটার মেয়াদ আরও বাড়িয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, নারী নেত্রী সুমাইয়া শারমিন ফারহানা, অপি আক্তার, রুনা হোসাইন, আমেনা বেগম, আব্দুল হালিম নান্নু, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট সরন চৌধুরী, রিপন মাহমুদ (দারোয়ান), মশিউর রহমান মিলু, এনামুল হক, আব্দুল কাদের মুন্সী,যুব পার্টির নেতা মাসুদুর রহমান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স আলামিন, ছাত্র নেতা হাসিবুর রহমান খান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর