দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী অধিক সংখ্যক লোককে সামাজিক নিরাপত্তা কাভারেজের আওতায় আনার চেষ্টা করছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৬ সালের মধ্যে লিড মন্ত্রণালয় হবে। সে লক্ষ্যে জনবল কাঠামোসহ অন্যান্য বিষয়ে আরও দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিউনের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমরা নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ সকল বিষয়ে সফল। আমাদের দেশে জঙ্গীবাদ নেই বা আমরা বৈশ্বিক কোনো জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাও করি বা। বিদেশি সাহায্য নয় আমরা ব্যবসা করতে চাই।’
এ সময় রাষ্ট্রদূত ইউনিভার্সেল সোশ্যাল সিকিউরিটি সিস্টেম চালুর বিষয়ে দেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী অধিক সংখ্যক লোককে সামাজিক নিরাপত্তা কাভারেজের আওতায় আনার চেষ্টা করছি।’ মন্ত্রী দেশের সামাজিক নিরাপত্তা খাতে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে এ খাত সংশ্লিষ্টদের দক্ষতা, সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূত দেশের অসহায় মানুষ, দুস্থ ও আইনের সংস্পর্শে আসা শিশুদের উন্নয়নে সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৃহীত ও পরিচালিত উদ্যোগ সমূহের প্রশংসা করে এ খাতে ইউরোপীয় ইউনিয়নের কাজের আগ্রহ ব্যক্ত করেন। সূত্র : বাসস।