July 23, 2026, 11:50 pm

বিদেশি নম্বর দিয়ে কথা বলে প্রতারণা করতেন স্বামী-স্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, November 16, 2025
  • 138 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অভিনব প্রতারণার ফাঁদ পেতে বিদেশি নম্বর দিয়ে ভুক্তভোগীদের কল করে করতেন এক দম্পতি। ইতালী, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে চার কোটি টাকা। অবশেষে এ প্রতারক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে ওই দম্পতিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
অভিযুক্তরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের আলতাব খানের ছেলে জহিরুল ইসলাম ওরফে সিলন খান (৪২) ও তার স্ত্রী নুর নাহার কণা (৩৫)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর আদালতে প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম ওরফে সিলন খান। এছাড়াও তার স্ত্রী নুর নাহার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে নেওয়াসহ ব্যবসার কথা বলে চার কোটি ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান এ দম্পতি। পরে দেশে আত্মগোপণে থেকে নিজেদের কানাডা প্রবাসী পরিচয় দিতেন। যোগাযোগও করতেন কানাডিয়ান নম্বর দিয়ে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে ভারত সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। পরে যশোর জেলার কোতোয়ালি থানায় তাদের হস্তান্তর করে র‌্যাব। সেখান থেকে রাজৈর থানায় নিয়ে আসা হয় তাদের।
এক ভুক্তভোগী অ্যাডভোকেট ইমন হোসেন বলেন, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। পরে একুশ লাখ টাকার একটি চেক দেয়। সেই চেক দিয়ে মামলা দায়ের করলে যশোরের র‌্যাব-৬ ও রাজৈর থানার অফিসার ইনচার্জের (ওসি) সহযোগিতায় এদের যশোর থেকে গ্রেফতার করা হয়েছে। আমি তাদের কঠিন বিচার চাই। তা না হলে এরা আরও মানুষের সঙ্গে প্রতারণা করবে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলায় চার কোটি ছত্রিশ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিও তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর