নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আনা ফুলের তোড়া নিয়ে যায় পুলিশ। তবে প্রায় এক ঘণ্টা পর সেই ফুল ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি টিম চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায়। আগামীকাল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের তোড়াটি নিয়ে যায়। শুধু তা ই নয়, আগামীকাল সকালে যে কেউ চেয়ারপারসনের কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়। তবে রাত সাড়ে ১১ টার দিকে গুলশান থানা থেকে ফুলের তোড়া গুলশান চেয়ারপারসনের অফিসে পৌঁছে দেওয়া হয়। অল্প সংখ্যক নেতা শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে যেতে পারবেন জানান গুলশান পুলিশ কমিশনার।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে আগামীকাল সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।