নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশাহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।’ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম-খুন, হত্যা, নির্যাতন ও নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এই জোয়ার রোখা যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না।’
হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, ‘বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী দিনেও জনগণের জন্য একটি সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।’
হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম।
এ ছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মানিক আবুল মনসুর সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু আবু তৈয়র জুলুশ সদস্য জাবেদ হোসেন, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল প্রমুখ।