নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে যুবদলের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় কয়েকটি মোটরসাইকেলসহ সাতটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে যুবদল নেতাকর্মীরা।আজ রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মার্কাজ মসজিদ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। এ সময় যুবদল নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে হামলাকারীদের প্রতিরোধ করলে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সন্ধ্যা ৭টায় খবরের সত্যতা নিশ্চিত করে টুকু জানান, গাড়িবহরের পেছন থেকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে। এ সময় গাড়ি থেকে নেমে আমাদের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা। আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী দল। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় তা আবারও প্রমাণ হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। অন্যথায় রাজপথে এ ঘটনার কঠোর জবাব দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, হামলার ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।
এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।পৃথক বিবৃতিতে নেতারা এ ঘটনায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।