July 4, 2026, 6:42 am

বিএনপির বর্ধিত সভা কাল, চলছে প্যান্ডেল ও মঞ্চ সাজানোর কাজ

Reporter Name
  • আপডেট Wednesday, February 26, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আগামীকাল বৃহস্পতিবার সকালে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিএনপির বর্ধিত সভা। এখন পুরোদমে চলছে অনুষ্ঠানটি শেষ পর্যায়ের প্রস্তুতি কাজ, রাতের মধ্যেই প্রস্তুতির কাজ শেষ হবে বলে আশা করছেন বিএনপি নেতারা।
বিএনপির দপ্তর সূত্রে জানা যায়, সকাল ১০টায় এই বর্ধিত সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমান্যচিত্র তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। এছাড়া বর্ধিত সভা উপলক্ষ্যে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপরে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দের বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণীয় বক্তব্য দেবেন। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজার নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় দফতর। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন।
বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন তারাও এই সভায় রয়েছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে চা-কফির ব্যবস্থা।
বিকালে বর্ধিত সভার কাজ-কর্ম পরিদর্শন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যিনি বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিকালে সাংবাদিকদের বলেন, ‘আমাদের বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে। রাতের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল সকাল ১০টায় এই সভায় শুরু হবে।”
ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আজকে রাতের মধ্যে আমাদের বর্ধিত সভার কাজ শেষ হয়ে যাবে। বলতে পারেন, রাতে প্রস্তুত হয়ে যাবে অনুষ্ঠানের সব আয়োজন। সেই ভাবেই আমাদের কাজ পুরোদমে চলছে। মঞ্চ নির্মাণ হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হবেন সেজন্য ইলেক্ট্রনিক সব পর্দার নির্মাণ কাজও শেষ পর্যায়।  আমন্ত্রিত অতিথিরা নয়া পল্টনের কার্যালয় থেকে ছবিযুক্ত আইডি কার্ডও নিয়ে গেছেন অধিকাংশই। গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর