নিজস্ব প্রতিবেদক :: সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশের জন্য কাজ করতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম নাজমুল হাসান। আজ শনিবার শ্রীমঙ্গল এবং কুড়িগ্রাম সীমান্ত পরিদর্শন ও বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক শনিবার সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টর এবং জামালপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি সদস্যদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপন এবং বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।