বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন প্রকল্প উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আজ শনিবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করা হয়।
এ প্রকল্পের আওতায় প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের কাটাখালী (কুমাইরা) খাল এবং তেজখালী ইউনিয়নে ৩১ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১২ কিলোমিটার দৈর্ঘ্যের লটিয়ার খাল খনন করা হবে।
এছাড়া ১২ লাখ টাকা ব্যয়ে হোমনা-বাঞ্ছারামপুর সেতুর টোলপ্লাজা থেকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সড়কের সঙ্গে সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এলাকার জনগণের অন্যতম দাবি ছিল খাল খনন, যা এখন বাস্তবায়নের পথে। খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষকেরা সরাসরি উপকৃত হবেন, ফসল উৎপাদনও বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, নদী ও খাল দখল এবং দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, খালগুলো সচল থাকলে ভবিষ্যতে নৌপথ হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিএম গোলাম মর্তুজা এবং জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।