স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির জাতীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহাসচিব মোঃ নাদিম হোসেন খান, গণফোরাম এর প্রেসিডিয়াম সদস্য ডাঃ মাহমুদ বীরপ্রতীক, সাবেক মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে বক্তারা বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির পক্ষ থেকে গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা বলেন, শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর পরিকল্পিতভাবে চালানো এই বর্বরতা মানবতা বিরোধী, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচার করার আহ্বান জানান।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের নিবন্ধন, প্রতিক মনোনীত করাসহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা ও উপজেলা কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।