নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে বিকেলে নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত বঙ্গমাতার প্রতিকৃতিতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য কাউন্সিলররা। পরে জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যান্যরা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি একেএম জাহাঙ্গীরসহ অন্যান্যরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।