July 9, 2026, 8:48 am

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Saturday, November 29, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ একটি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ শনিবার (২৯ নভেম্বর) ‘হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ করেছেন। কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত এ কারখানার শ্রমিকরা প্রথমে প্রধান ফটকে অবস্থান নেন। পরে তারা পিএন কম্পোজিট লিমিটেডের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা জিএম ও অ্যাডমিন অফিসার অপসারণসহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ২৫ নভেম্বর শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮ জন শ্রমিককে ‘উশৃঙ্খল আচরণ’-এর অভিযোগে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
একাধিক শ্রমিক জানান, কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি দ্রুত যেন কারখানা খুলে দেওয়া হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বেআইনি অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোনো সমর্থন নাই। একই সঙ্গে যেন কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার না হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, সকালে বন্ধ কারখানার শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে আসলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর