নিজস্ব প্রতিবেদক :: পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বড়দিন উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। সারাদেশে উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে। রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরীস ক্যাথিড্রাল পরিদর্শনকালে আইজিপি এ কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন ধরনের অশুভ পরিকল্পনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে নাশকতাকারীরা প্রকাশ্যে নির্বাচনবিরোধী কোন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, রেলওয়েতে নাশকতা প্রতিরোধে কৌশলগত ও গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
এ সময় আর্চ বিশপ বিজয় এন দি ক্রুজ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।