নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, দেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে।
তিনি বলেন, ‘জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি করবে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, আমি অনির্বাচিত সরকারের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নেই। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। আমরা আগেভাগে প্রস্তুতি নিচ্ছি, যেন জনগণ আমাদের সমর্থন দিলে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।
তিনি আরও বলেন, ‘একটি গ্রামে একটা পণ্য তৈরি হবে, যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাইরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। আর এজন্য আমরা সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি। তাদের সমস্যা ও চাহিদা আগামী দিনে কীভাবে পূরণ করতে পারি, তাও দেখছি।
আমীর খসরু বলেন, ‘আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছে, সেই পণ্যগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। তাদের টেকনিক্যাল ও আর্থিক সহযোগিতা দিতে হবে। ব্রান্ডিং করতে হবে, দেশে ও আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। আমরা চাই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হতে হবে এবং এ লোকগুলোর জীবনযাত্রার মানের উন্নয়ন হতে হবে। এই লোকগুলোই যেন আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।