ক্রীড়া প্রতিবেদক:: ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি দুই চিরচেনা প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে টাটকা। যেখানে মরক্কোর রূপকথার দৌড় থামিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা। এবার ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বোস্টনের মাঠে লড়বে এই দুই দল। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে মরক্কোর সামনে যেমন রয়েছে প্রতিশোধের হাতছানি, তেমনি ফরাসিদের লক্ষ্য টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।
হাই-ভোল্টেজ এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোর বিখ্যাত বোস্টন স্টেডিয়ামে (জিলেট স্টেডিয়াম)। ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শুরু হবে।
ফিফা বিশ্ব র্যাংকিংয়ে দুই পরাশক্তির অবস্থানই বেশ শক্ত। ফ্রান্স বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ের ২ নম্বর অবস্থানে থেকে টুর্নামেন্ট খেলছে, অন্যদিকে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো রয়েছে ৬ নম্বরে।
দুই দলের অতীত পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও মরক্কো এ পর্যন্ত মোট ৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফরাসিদের আধিপত্য স্পষ্ট, তারা জিতেছে ৪টি ম্যাচে। মরক্কোর একমাত্র জয়টি এসেছিল ১৯৯৮ সালের কিং হাসান কাপে টাইব্রেকারের মাধ্যমে। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফ্রান্সকে কখনোই হারাতে পারেনি অ্যাটলাস লায়ন্সরা। তাদের সর্বশেষ দেখা হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে থিও হার্নান্দেজ এবং র্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ফ্রান্স।
গ্রুপপর্বে দুই দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে। ফ্রান্স গ্রুপ ‘আই’ থেকে সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ১৬ নিশ্চিত করে। এরপর শেষ ১৬-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দিদিয়ে দেশমের শিষ্যরা।
অন্যদিকে মরক্কোও গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাশক্তি ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করার পর স্কটল্যান্ডকে ১-০ ও হাইতিকে ৪-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর শেষ ১৬-এর ম্যাচে সহ-স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল।
ফরাসি কোচ দিদিয়ে দেশম তার আক্রমণাত্মক ৪-৩-৩ ফরমেশনেই দল সাজাতে পারেন। দলের মূল কাণ্ডারি অধিনায়ক কিলিয়ান এমবাপে, যিনি চলতি বিশ্বকাপে ৭টি গোল ও ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন। উইংয়ে তাকে যোগ্য সঙ্গ দেবেন উসমান দেম্বেলে, যিনি ইতোমধ্যে ৪টি গোল করেছেন। মাঝমাঠে গতি ও বল জোগানোর দায়িত্বে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও চুয়ামেনি। ইনজুরি নিয়ে ফরাসি শিবিরে বড় কোনো দুঃসংবাদ না থাকলেও মাঝমাঠের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের হালকা চোট নিয়ে কিছুটা গুঞ্জন রয়েছে, তবে দলের মূল তারকারা সবাই ফিট আছেন।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই রক্ষণভাগ নিরেট রেখে কাউন্টার অ্যাটাকে যাওয়ার কৌশলে ৪-৩-৩ ফরমেশন বেছে নিতে পারেন। দলের সবচেয়ে বড় তারকা রাইট-ব্যাক আশরাফ হাকিমি, যিনি পিএসজি সতীর্থ এমবাপেকে আটকানোর গুরুদায়িত্ব পালন করবেন। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের মূল কারিগর থাকবেন আজুদিন উনাহি, যিনি কানাডার বিপক্ষে জোড়া গোল করে ফর্মে আছেন।
এ ছাড়া আক্রমণে ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ ফরাসি ডিফেন্স ভাঙার মূল অস্ত্র। মরক্কো শিবিরে কোনো বড় ইনজুরি সমস্যা নেই, তারা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। সব মিলিয়ে মরক্কো তাদের টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড ধরে রেখে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে।