নিজস্ব প্রতিবেদক:: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। আজ সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন। ২ বছর ১০ দিন ফায়ার সার্ভিস প্রধানের দায়িত্ব পালন শেষে বিদায়ী মহাপরিচালক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে সকালে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে বৃক্ষরোপণ করা হয়। পরে অধিদপ্তর কার্যালয়ে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ ও সম্মেলন কক্ষে স্মৃতিচারণামূলক ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠিত হয়। অনলাইনেও বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ আয়োজনে যুক্ত হন। আনুষ্ঠানিকতা শেষে কার্যালয়ে নতুন ডিজির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী মহাপরিচালক।
দায়িত্ব গ্রহণের পর বিকেলে এক মতবিনিময় সভায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দান এবং উদ্ধারকাজে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন ফায়ার সার্ভিস প্রধান।
উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে প্রাক্কলন এবং বিদায়ী ডিজিকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।