স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূবাইল থানায় মামলা করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে পূবাইল থানার মিরেরবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি টহল দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার রাজাবাড়ী কান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে ট্রাকচালক মো. কুদ্দুস (৩৯) এবং একই গ্রামের কালু মিয়ার ছেলে হেলপার মো. জুম্মান মিয়া (২৭)। তাদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি ট্রাকে করে নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল এলাকা থেকে টঙ্গীর দিকে যাচ্ছে- এমন খবর পেয়ে র্যাব-১১ এর ডিএডি ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আবু হাসানের নেতৃত্বে একটি দল পূবাইলের মিরেরবাজার এলাকায় গিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও যানবাহন তল্লাশি শুরু করে। রাত নয়টার দিকে টঙ্গীমুখী একটি হলুদ-নীল রঙের ট্রাক থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাক আটকায়।
ট্রাক তল্লাশি করে দুটি পাটের বস্তার ভেতর স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ১৯টি প্যাকেটে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতি কেজির বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কাসিম, যিনি আইনি প্রক্রিয়া অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করেন।