স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার ঝিনু মার্কেট থেকে তাঁকে আটক করা হয়। আটক পলাশ পিউরিফিকেশন টঙ্গী পূর্ব থানাধীন পাগাড়ের গুদারাঘাট এলাকার মিনু আনডেস পিউরিফিকেশনের ছেলে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি দাবি করেন, মদ্যপ অবস্থায় কী বলেছেন, তা তাঁর মনে নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাতে পাগাড় এলাকার একটি চায়ের দোকানে বসে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে পলাশ পিউরিফিকেশনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে স্থানীয়রা সালিশের আয়োজন করেন। সালিশ শুরু হলে বিক্ষুব্ধ স্থানীয় কয়েকজন তাঁকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান বলেন, আটক পলাশ পিউরিফিকেশনকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।