নিজস্ব প্রতিবেদক, মতলব :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর বড় ছেলে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর প্রথম জানাজা নামাজ আজ রোববার বাদ জোহর মতলব উত্তর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ আসরের পর মতলব দক্ষিণ উপজেলার মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজা নামাজে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার হাজার হাজার নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্ৰহণ করেন।
জানাজা নামাজের আগে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের পিতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন, পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী তা কেউ অনুভব করতে পারবেনা। আমার ছেলের বয়স ৫০ বছর হয়েছে। এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে তা ভাবতেই পারি না। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ জান্নাতবাসী করেন।
মতলব উত্তরের মোহনপুরে প্রথম জানাজা নামাজে অংশগ্ৰহণ করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, মতলব উত্তর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহসভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, এফবিসিসিআই পরিচালক ও মরহুমের ছোট ভাই রনি চৌধুরী, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, আওয়ার টাইমসের সম্পাদক ও প্রকাশক গাজী মুক্তার হোসেন, মরহুমের বড় ছেলে আশফাক চৌধুরী মাহী প্রমুখ।
মতলব দক্ষিণ উপজেলার মতলব নিউ হোস্টেল মাঠে দ্বিতীয় জানাজা নামাজে অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির হোসেন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, সাবেক মেয়র নূরুল ইসলাম নূরু প্রমুখ।
উল্লেখ্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২৬ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ২৯ নভেম্বর বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। শনিবার সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে দিপু চৌধুরী বাবা-মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিপু চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ওই দিন গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।