নিজস্ব প্রতিবেদক :: নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দুই নেতা। আজ শুক্রবার বিকেলে সেনবাগ থানার মোড়ে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ আহ্বান জানান। মনোনয়ন পরিবর্তনের দাবিতে এ সমাবেশ হয়েছিল।
বিএনপির এ দুই নেতা হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান ও দলটির সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান। নোয়াখালী-২ আসন থেকে তাঁরা দুজনেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জয়নুল আবদিন ফারুক। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে হওয়া এ সমাবেশে সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এতে তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কাজী মফিজ ও আবদুল মান্নানের ছবি–সংবলিত ফেস্টুন বহন করেন। সমাবেশের কারণে সেনবাগ উপজেলা সদরে এক ঘণ্টার বেশি যানবাহন চলাচল বন্ধ ছিল।
সমাবেশ মনোনয়ন পাওয়া জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন আরেক মনোনয়নপ্রত্যাশী আবদুল মান্নান। তিনি জয়নুল আবদিনের উদ্দেশে বলেন, ‘চাঁদামুক্ত সেনবাগ হতে হবে। সন্ত্রাসমুক্ত সেনবাগ হতে হবে। দুর্নীতিমুক্ত সেনবাগ হতে হবে। আমরা ভুলে গেলে চলবে না, গত এক বছরে লাখ লাখ, কোটি কোটি টাকা চাঁদা নিয়েছেন। আমরা চাঁদাবাজমুক্ত সেনবাগ চাই। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মৃত্যুবরণও করতে হয়, আমি মরতে রাজি আছি।’
সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলাম এ সমাবেশের সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক প্রমুখ।