নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: নির্বাচন কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব-হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত ওই কর্মসূচি থেকে ভোট বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ রবিবার দুপুরে পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।
সমাবেশে নেতারা শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধাদানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করে এর বিরুদ্ধে জনগণের রায় ঘোষণা করতে হবে। দেশ এক সংকটের মধ্যে আছে। তামাশার নির্বাচন সংঘটিত হলে এই সংকট আরো বাড়বে। বিদেশি আধিপত্য দেশকে নতুন সংকটে ফেলতে চাইবে। এর দায় সরকারকেই নিতে হবে। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকে সংবিধানবিরোধী ও জরুরি আইন জারির শামিল হিসেবে উল্লেখ করে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।