মো: জাফর আলী :: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পুরুষ এবং নারীর সম অধিকার। আমাদের মনে রাখতে হবে যে নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে একসাথে কাজ করলেই কেবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব আজ শুক্রবার টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দম্পতিদের মেনকেয়ার বিষয়ক বুট ক্যাম্প ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের অয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ। আমি দীর্ঘদিন যাবত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম এর সাথে সম্পৃক্ত এবং অবহিত, এবং আমি তাদের এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানাই”।
তিনি আরও বলেন, “পুরুষদের মধ্যে শিশু যত্ন ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে, শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে”।
“পরিবারে পুরুষের ভূমিকা” শীর্ষক এই বুট ক্যাম্প ও লানিং ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহন করে। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। উক্ত ক্যাম্পে এ বিষয়ের উপর আলোকপাত করে গঠিত মেন কেয়ার মডেলের উপর ১১০ জন দম্পতি প্রশিক্ষণ গ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে দম্পতিগণ ১০টি সেশনের মাধ্যমে মেন কেয়ার মডেল, পরিবারে পিতার ভূমিকা, গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা ও অধিকার এবং ইতিবাচক পিতৃত্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন, মোঃ সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক ন্যাশনাল কো-অর্ডিনেটর জেন্ডার ইকুয়েলিটি এন্ড সোশ্যাল ইনক্লুশনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য কাজ করে আসছি। পুরুষদের শিশুর যত্ন ও পরিবারের কাজে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকি। আজকের এই ক্যাম্পটি তারই একটি অংশ। আমরা আশা করি এই ক্যাম্পে অংশগ্রহণকারী দম্পতিগণ শিশুর যত্ন ও পরিবারের কাজে পুরুষদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন এবং তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেবেন”। আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরস্কৃত করা হয়।