নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে অভিযান পরিচালনা করে শাড়ি ও তাদের আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি চালানো হয়।
এতে প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ৬২০ পিস ভারতীয় শাড়ি ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।’
তিনি আরো বলেন, ‘জব্দ মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’