July 4, 2026, 7:50 am

নওগাঁর মান্দায় ভারতীয় বিপুল জাল রুপিসহ দুজন আটক

Reporter Name
  • আপডেট Tuesday, February 4, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নওগাঁর মান্দায় ভারতীয় বিপুল জাল রুপিসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোপালপুর বাজারের একটি চায়ের দোকানে লেনদেনের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন গোপালপুর বাজার এলাকার মজিবর মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
এ নিয়ে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, উপপরিদর্শক শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, মান্দা থানা এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিমকে মাঠে নামে। জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘আটক দুই ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর